শেয়ারহোল্ডারদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ত্রয়োদশতম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান। সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে শেয়ারহোল্ডাররাও কোম্পানির অগ্রগতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
লভ্যাংশ ঘোষণার পর উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বিমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এর পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সভায়। কোম্পানিকে আরও শক্তিশালী, দক্ষ ও টেকসই একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা, নিরপেক্ষ পরিচালকরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব, প্রধান আর্থিক কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভা শেষে কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক সহযোগীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

