বিমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর বিমা দাবি পরিশোধ শুরু হয়েছে। এই দফায় মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করা হচ্ছে। আজ রোববার (৪ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
আইডিআরএর তদারকিতে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে এসব দাবি মেটাচ্ছে। পুরো কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখছে নিয়ন্ত্রক সংস্থাটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ দাবিগুলো দ্রুত নিষ্পত্তি করে পলিসিধারীদের স্বার্থ রক্ষা এবং বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় এত বিপুলসংখ্যক গ্রাহকের দাবি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএর কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের দাবির টাকা দেওয়া হয়েছিল। ওই দুই দফার ইতিবাচক ফলাফলের ভিত্তিতে এবার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন পলিসিধারীরা সংশ্লিষ্ট বিমা কোম্পানির নিজস্ব কার্যালয় থেকেই তাঁদের প্রাপ্য অর্থ নিতে পারছেন।
আইডিআরএ মনে করছে, দীর্ঘদিন ধরে বিমা খাতে যে অনাস্থা তৈরি হয়েছে, তা কাটাতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈধ দাবি দ্রুত নিষ্পত্তি হলে পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ আশা করছে, তদারকির আওতায় চলা এই কার্যক্রমের ফলে দাবি নিষ্পত্তির ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোর জবাবদিহি ও দায়িত্বশীলতা আরও বাড়বে।

