যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা যাওয়ার পর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর দ্রুতই প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে ঘিরে ফেলে এবং তাকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময়ই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা—চেয়ার থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, তিনি খাবার টেবিলে বসে ছিলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়, নিরাপত্তা বাহিনী দ্রুত তার চারপাশে অবস্থান নেয় এবং সবাইকে সরে যেতে নির্দেশ দেয়। সেই বিশৃঙ্খল মুহূর্তেই তিনি হুমড়ি খেয়ে পড়ে যান।
ঘটনার সময় হোটেলের ভেতরে থাকা অতিথিদের অনেকেই আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। নিরাপত্তা বাহিনী উচ্চস্বরে সবাইকে সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে জানা যায়, গুলির ঘটনাটি হোটেলেরই একটি অংশে ঘটে, যেখানে সন্দেহভাজন একজন অস্ত্রধারী গুলি চালায়।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফার্স্ট লেডিসহ উপস্থিত সবাই নিরাপদে ছিলেন এবং কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে একজন নিরাপত্তা সদস্য গুলিবিদ্ধ হলেও তার শরীরে থাকা সুরক্ষা বর্মের কারণে বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে তিনি জানিয়েছেন, তিনি অনুষ্ঠানটি আবারও চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে নিরাপত্তা বাহিনী তাকে আপাতত ফিরে যেতে দেয়নি।
এই বার্ষিক নৈশভোজটি সাধারণত হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজন করা হয়। সেখানে শুধু সাংবাদিকই নয়, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত থাকেন। তাই এমন একটি নিরাপদ মনে করা অনুষ্ঠানে গুলির ঘটনা উপস্থিত সবাইকে গভীরভাবে নাড়িয়ে দেয়।
ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীর উদ্দেশ্য ও পরিচয় নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

