কয়েক মিনিটের তথ্য ইনপুট দিয়েই এখন এমন অনেক কাজ সম্পন্ন করা যাচ্ছে, যেগুলো আগে শেষ করতে লাগত কয়েক দিন বা কখনও সপ্তাহ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রজন্মের বিভিন্ন টুল আন্তর্জাতিক বাণিজ্যের ধারা দ্রুত বদলে দিচ্ছে। এর ফলে পণ্য খোঁজা থেকে শুরু করে সরবরাহকারী নির্বাচন, যোগাযোগ এবং সরবরাহ ব্যবস্থাপনা—সবকিছুই ক্রমে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চলে যাচ্ছে।
অ্যাসসিও ওয়ার্ক নামের একটি এআইভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা শুধু পণ্যের মৌলিক তথ্য দিলেই স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রস্তাব। এই প্রযুক্তি বাজারসংক্রান্ত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের সংকেত এবং সরবরাহ শৃঙ্খলার উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য সরবরাহকারী শনাক্ত করতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা তুলনা এবং প্রাথমিক অনুসন্ধানী ইমেইল তৈরির কাজও করে দেয় স্বয়ংক্রিয়ভাবে।
যেসব কাজ আগে দীর্ঘ অনুসন্ধান, যাচাই-বাছাই ও দরকষাকষির মাধ্যমে সম্পন্ন হতো, সেগুলো এখন ধারাবাহিক ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে আসছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ধীরে ধীরে ম্যানুয়াল নির্ভরতা থেকে সরে প্রযুক্তিনির্ভর কাঠামোয় প্রবেশ করছে। বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল থেকেই এআই এজেন্টের ব্যবহার বড় পরিসরে দৃশ্যমান হতে শুরু করে। ২০২৬ সালে এসে এই প্রযুক্তি অনেক দেশের বাণিজ্যিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
চীনের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এর বাস্তব সুফল পাচ্ছে। বিভিন্ন কাজভিত্তিক এআই সিস্টেম এখন তাদের ব্যবসায়িক কার্যক্রমের নিয়মিত অংশ। এর মাধ্যমে দ্রুত ক্রেতার অনুসন্ধানের জবাব দেওয়া, নতুন বাজার শনাক্ত করা এবং জটিল লজিস্টিক ব্যবস্থাপনা আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশটির মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৪ ট্রিলিয়ন ইউয়ান। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৫ শতাংশ বেশি।
রপ্তানি খাতেও এসেছে বড় পরিবর্তন। যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য এখনো প্রধান অবস্থানে রয়েছে। এই খাতে রপ্তানির পরিমাণ পৌঁছেছে ৬২০ বিলিয়ন ডলারে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, স্টোরেজ প্রযুক্তি এবং বিদ্যুৎ সরঞ্জামের রপ্তানি দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে এআই প্রযুক্তির বিস্তারের একটি পরোক্ষ প্রভাব রয়েছে। এর অন্যতম কারণ হলো দ্রুত ডিজিটালাইজেশন। বিষয়টি শুধু ই-কমার্স বা অনলাইন লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন পণ্য নকশা, কাঁচামাল সংগ্রহ, বাজার বিশ্লেষণ এবং লজিস্টিক সমন্বয়সহ প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে শুধু পণ্য সংগ্রহ নয়, কাস্টমস কার্যক্রম, চুক্তি তৈরি, ভাষান্তর এবং সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণেও এআই ব্যবহার বাড়ছে। এতে ছোট ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাজারে প্রবেশের সুযোগও সহজ হচ্ছে।
প্রযুক্তিগত দিক থেকেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২৩ সালের শেষ দিক থেকে বিশ্বজুড়ে ডেটা সেন্টারে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এসব ডেটা সেন্টার পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ, উচ্চ ব্যান্ডউইথ মেমোরি, উন্নত সার্ভার, বিদ্যুৎ সরঞ্জাম এবং শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো।
এর প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও। উচ্চ ব্যান্ডউইথ মেমোরির চাহিদা বাড়ায় প্রচলিত ডিআরএএম মেমোরির সরবরাহ কিছুটা কমেছে। একই সঙ্গে বাজারে এসব পণ্যের দামও বেড়েছে। বর্তমানে এআই-সম্পর্কিত পণ্যের পরিধি সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি থেকে উন্নত সার্ভার পর্যন্ত বিস্তৃত। এই খাতে চীনের ভূমিকা মূলত সহায়ক শিল্পে—বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা, উপাদান উৎপাদন এবং অবকাঠামোগত সরঞ্জাম তৈরিতে।
তবে একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ৮০০ ডলারের নিচের পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়নও ১৫০ ইউরোর নিচের ছোট পার্সেলের করমুক্ত সুবিধা তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম কার্যকর হওয়ায় ২০২৭ সালের পর থেকে এর আর্থিক প্রভাব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে এআইভিত্তিক সিস্টেম বিভিন্ন দেশের নিয়মনীতি, বাজার পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতা মোকাবিলায় ব্যবসায়ীদের সহায়তা করছে। এর ফলে কম ভুলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কার্যক্রম পরিচালনা করা সহজ হচ্ছে। সব মিলিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার ধরন দ্রুত বদলে যাচ্ছে। উৎপাদন সক্ষমতা এখনো গুরুত্বপূর্ণ থাকলেও এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রুত তথ্য বিশ্লেষণ, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দেশের নীতিমালার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা।
অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য থেমে নেই। বরং প্রযুক্তির প্রভাবে এর কাঠামো বদলে নতুন রূপ নিচ্ছে। এখন পণ্যের পাশাপাশি বিশ্ববাজারে সমান গুরুত্ব পাচ্ছে ডেটা, অ্যালগরিদম এবং স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা।

