মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ওমান সফর শেষ করে তিনি ইসলামাবাদে পৌঁছান। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তান সক্রিয়ভাবে কূটনৈতিক ভূমিকা পালন করছে, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন আরাগচি। সফরের ধারাবাহিকতায় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকালও এই দুই শীর্ষ নেতার সঙ্গে তার আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে আঞ্চলিক পরিস্থিতি এবং সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিশ্লেষকদের মতে, বর্তমান সংকট নিরসনে আঞ্চলিক দেশগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য আলোচনায় একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে।
এই সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। ফলে ধারাবাহিক এই কূটনৈতিক সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে—সংকট সমাধানে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে।

