যুক্তরাষ্ট্র যুদ্ধের কোনও লক্ষ্য অর্জন করতে না পেরে আরও শান্তি আলোচনার অনুরোধ জানিয়েছে বলে রাশিয়া সফরকালে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরের সময় সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি একথা বলেন।
তিনি বলেন, “ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধে তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি উল্লেখ করে আরাকচি বলেন, “এ কারণেই তারা আরও আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে, “রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র ইরানের রয়েছে।”
তিনি বলেন, “ইরানের প্রতি আপনাদের দৃঢ় ও অবিচল অবস্থানের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।”
“ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদার। তারা সব সময় ইরানকে সমর্থন করে। আর ইরানও একই কাজ করে। এই সহযোগিতা অব্যাহত রয়েছে। এটি এখন স্পষ্ট যে, ইরান একটি স্থিতিশীল, সুসংহত এবং শক্তিশালী রাষ্ট্র,” বলেন আরাকচি।

