ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-র উপকণ্ঠে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক যাত্রী। সোমবার (২৭ এপ্রিল) বেকাসি তিমুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি কমিউটার ট্রেন আগে থেকেই স্টেশনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় একই লাইনে প্রবেশ করে পেছন দিক থেকে একটি দূরপাল্লার ট্রেন এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই সংঘর্ষে কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বগিগুলোর ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ জানিয়েছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হবে না।
রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও দেশটির রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একই লাইনে দুটি ট্রেনের প্রবেশের মতো গুরুতর ত্রুটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা জরুরি। তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
সিভি/এইচএম

