যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ও স্থানীয় সূত্র।
বুধবার ভোরে হানিন শহরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এই হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাত পেরোতেই মানুষের জীবনে নেমে এসেছে আতঙ্ক আর ধ্বংসস্তূপের বাস্তবতা।
এর আগের রাতেও থেমে থাকেনি হামলা। মঙ্গলবার গভীর রাতে নাকুরা এলাকায় গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো অঞ্চল। স্থানীয়রা রাতভর আতঙ্কে কাটান, অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হন।
একই সময়ে খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণ চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের সীমান্তজুড়ে গত কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার মাত্রা দ্রুত বেড়ে চলেছে, যা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘোষিত যুদ্ধবিরতিকে উপেক্ষা করে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে লেবাননের সরকারি সূত্র নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, এই হামলাগুলো প্রমাণ করছে যে, ঘোষণায় যুদ্ধ থামলেও বাস্তবে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থির। সীমান্ত এলাকায় উত্তেজনা যেমন কমেনি, তেমনি যে কোনো সময় তা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।
দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। প্রতিদিনের জীবন এখন আতঙ্ক, বিস্ফোরণ আর নিরাপত্তাহীনতার মধ্যে আটকে পড়েছে—যেখানে যুদ্ধবিরতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ।
সিভি/এইচএম

