যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা যখন অনিশ্চয়তার মুখে, ঠিক সেই সময় আরও কঠোর অবস্থান নিয়ে সামনে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—এখন আর ‘ভদ্র থাকার’ সময় নেই।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তাকে একটি অ্যাসল্ট রাইফেল হাতে দেখা যায় এবং পেছনে বিস্ফোরণের দৃশ্য ফুটে উঠেছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা—“ভদ্র সাজার দিন শেষ”, যা মূলত আরও কঠোর নীতির ইঙ্গিত বহন করছে।
ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প সরাসরি ইরানের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরান এখনো নিজেদের অবস্থান পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারছে না এবং একটি অ-পরমাণু চুক্তি কীভাবে করতে হয়, সেটিও তাদের জানা নেই। তার ভাষায়, “তাদের দ্রুতই বুদ্ধিমান হতে হবে।”
এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চললেও বাস্তবে অগ্রগতি খুবই সীমিত। বরং সাম্প্রতিক সময়ের বক্তব্য ও পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে, উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ধরনের প্রকাশ্য ও প্রতীকী বার্তা শুধু কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও বহন করে। শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে তিনি একদিকে সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের ইমেজ তুলে ধরতে চাইছেন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দিচ্ছেন।
সব মিলিয়ে, আলোচনা চললেও বাস্তব পরিস্থিতি এখনো অস্থির। এই ধরনের বক্তব্য ও প্রতিক্রিয়া ভবিষ্যতে কূটনৈতিক সমাধানকে আরও কঠিন করে তুলতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
সিভি/ এইচএম

