পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের প্রস্তাবিত টোল দিতে সাফ না বলে দিয়েছে উপসাগরীয় ৬ দেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের এই প্রস্তাব ‘অবৈধ’ এবং তারা কোনোভাবেই এ টোল দেবে না।
জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক জলপথে এ ধরনের অর্থ আদায় গ্রহণযোগ্য নয়। ফলে সদস্য দেশগুলো এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে হওয়ায় এর ওপর যেকোনো সিদ্ধান্তের প্রভাব পড়ে বিশ্ববাজারে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ফেব্রুয়ারির শেষদিকে এই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে তেহরান। পরে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দিলেও প্রতি ব্যারেল তেলের জন্য এক ডলার হারে টোল আরোপের প্রস্তাব দেয়, যা এবার সরাসরি প্রত্যাখ্যান করল জিসিসি দেশগুলো।

