গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দীর্ঘ ফোনালাপ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ফোনালাপে তারা মূলত ইউক্রেনে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।
ক্রেমলিন আগেই জানিয়ে দিয়েছিল, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব করা হতে পারে। ট্রাম্পও এই প্রস্তাবের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, আমি তাকে দীর্ঘ সময় ধরে চিনি।”
মার্কিন প্রেসিডেন্টের দাবি, পুতিনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে ৯ মার্চের পর প্রথমবারের মতো এই ফোনালাপের তথ্য জনসমক্ষে প্রকাশিত হলো।
ট্রাম্প ও পুতিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি ছিল প্রধান। ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ফোনে পুতিনকে সাময়িক যুদ্ধবিরতির পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, “আমার মনে হয় তিনি এটি মেনে নিতে পারেন।”
রাশিয়ান প্রেসিডেন্ট গত বছরও একই ধরনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যা মাত্র তিন দিন স্থায়ী হয়েছিল। তবে কিয়েভ তা মেনে নেনি। এবার ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নতুন প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলতে পারে।
ফোনালাপে ইরান সম্পর্কিত বিষয়ও আলোচিত হয়েছে। ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতির পথে একটি বড় বাধা হলো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম। পুতিন সহায়তার প্রস্তাব দিলেও ট্রাম্প তাকে জানিয়েছেন, তিনি চাইবেন ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া হোক।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ স্পষ্ট করেননি পুতিন ঠিক কী প্রস্তাব দিয়েছেন। তবে জানা যায়, মস্কো আগেও ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরানোর প্রস্তাব দিয়েছিল।
উশাকভ জানিয়েছেন, ফোনালাপটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। তিনি বলেন, এটি বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক ছিল। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষের জন্য একটি চুক্তি সম্ভব হতে পারে।
সিভি/এইচএম

