মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কঠোর বার্তা দিল ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির স্পষ্ট করে জানিয়েছেন, লেবানন-এর সঙ্গে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং সামরিক অভিযান অব্যাহত থাকবে।
দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করেছে—ইসরায়েলের জনবসতিতে যেন কোনো হামলা না হয়—সেই অবস্থান নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করছে। তার ভাষায়, এই লক্ষ্য অর্জিত হলেও বর্তমান অবস্থান ধরে রাখতে হলে দীর্ঘ সময় মাঠে থাকতে হতে পারে।
সেনাদের উদ্দেশে তিনি আরও কঠোর ভাষায় বলেন, “যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। লড়াই চালিয়ে যেতে হবে।” একই সঙ্গে উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের হুমকি দূর করার নির্দেশ দেন তিনি। এর মধ্যে প্রতিপক্ষের অবকাঠামো ধ্বংস এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করে নির্মূল করার কথাও উল্লেখ করেন।
এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম। বরং নিরাপত্তার অজুহাতে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি বজায় রাখার কৌশলই প্রাধান্য পাচ্ছে।
এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠছে। কারণ একদিকে সামরিক অভিযান জোরদার হচ্ছে, অন্যদিকে মানবিক সংকটও ক্রমেই তীব্র হচ্ছে—যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
সিভি/এইচএম

