যুক্তরাষ্ট্র-এর টেক্সাস হিল কান্ট্রি এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাইলট ছাড়া বাকি সবাই ছিলেন পিকেলবল খেলোয়াড়, যারা একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন।
জানা গেছে, তারা নিউ ব্রাউনফেলস শহরে একটি প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন, যা সান আন্তোনিও থেকে প্রায় ৩০ মাইল দূরে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে উইম্বার্লি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই পাইলটসহ চারজন মারা যান, পরে নিশ্চিত করা হয়—বিমানে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।
ফ্লাইট তথ্য অনুযায়ী, সেসনা ৪২১সি মডেলের বিমানটি অ্যামারিলো থেকে উড্ডয়ন করে নিউ ব্রাউনফেলসের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎ বিমানটির গতিপথ অস্বাভাবিক হয়ে যায় এবং তা রাডার থেকে হারিয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, দুর্ঘটনার আগে বিমান থেকে জরুরি সংকেত পাঠানো হয়েছিল, এরপরই নিয়ন্ত্রণকক্ষ থেকে জরুরি নম্বরে যোগাযোগ করা হয়।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আকাশ মেঘলা ছিল এবং কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়, ফলে আবহাওয়াকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে নিহতরা একটি পিকেলবল ক্লাবের সদস্য ছিলেন। দুর্ঘটনার পর নির্ধারিত টুর্নামেন্টটি বাতিল করা হয়েছে এবং তাদের স্মরণে প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
ফেডারেল কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে, আর এই মর্মান্তিক ঘটনায় পুরো ক্রীড়াঙ্গন ও স্থানীয় কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
সিভি/এইচএম

