ফ্রান্স আবারও স্পষ্ট করে জানিয়েছে, ইরান-এর বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা অংশ নেবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সাক্ষাৎকারে বলেছেন, সংকট শুরুর পর থেকেই ফ্রান্স এই সংঘাতে জড়ায়নি এবং ভবিষ্যতেও এতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।
ফরাসি অবস্থানের পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সামরিক অভিযানের লক্ষ্য পরিষ্কার নয় এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এই যুদ্ধে অংশ নেওয়া ফ্রান্সের পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সংঘাত আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনেও বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
এই প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দিয়েছে প্যারিস। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, টোল আদায় বা চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ফ্রান্সের নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সিভি/এইচএম

