ইসরায়েলি আদালত আন্তর্জাতিক জলসীমা থেকে আটক গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুই কর্মীর রিমান্ড আরও দুই দিন বাড়িয়েছে। তাদের আইনজীবীরা জানিয়েছেন, ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ-সুইডিশ নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলীয় নাগরিক থিয়াগো আভিলাকে রিমান্ডে রাখার সময়সীমা ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
গত বুধবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়। ওই নৌবহরের বাকি শতাধিক কর্মীকে গ্রিসের ক্রিট দ্বীপে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।
ব্রাজিলের দূতাবাসের বরাতে থিয়াগো আভিলা দাবি করেছেন, ইসরায়েলি হেফাজতে থাকাকালে তিনি নির্যাতন, মারধর ও দুর্ব্যবহারের শিকার হন। দূতাবাস কর্মকর্তারা সাক্ষাতের সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান এবং তিনি কাঁধে তীব্র ব্যথার কথাও জানান।
ফ্লোটিলা সংশ্লিষ্ট সংগঠন গ্লোবাল সুমুদ জানায়, আবু কেশেককে সামরিক জাহাজে স্থানান্তরের সময়ও নির্যাতন ও গুরুতর নিপীড়নের মুখে পড়তে হয়েছে।
ইসরায়েলি আদালত প্রাথমিকভাবে চার দিনের রিমান্ড বাড়ানোর আবেদন করেছিল। অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা, বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ, এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয়। তবে উভয় কর্মীই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আদালাহ নামের মানবাধিকার সংগঠনের আইনজীবীরা আদালতে বলেন, আন্তর্জাতিক জলসীমায় আটক করে এমন অভিযোগ আনা “আইনগতভাবে ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ”, এবং এর বহির্দেশীয় প্রয়োগের কোনো বৈধতা নেই।
স্পেন ও ব্রাজিল সরকার এক যৌথ বিবৃতিতে আটককে অবৈধ বলে উল্লেখ করেছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলা আয়োজকদের “পেশাদার উস্কানিদাতা” হিসেবে অভিহিত করেছে।
গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা এই ফ্লোটিলা গত ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে।

