সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে একজন কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীর নাম এস্থার ওয়ানজা মুথোনি। দেশটির শরিয়াহ আইনে বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক ফৌজদারি অপরাধ। এ সাজার ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন একে নারীর প্রতি সহিংসতা বলে নিন্দা জানিয়েছে।
মুথোনির দাবি, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের সূত্রে তিনি অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। এরপর একা অন্তঃসত্ত্বা অবস্থায় বিপাকে পড়েন এই গৃহকর্মী।
সৌদি আরবে বিয়ের বাইরে সন্তান জন্ম দিলে গ্রেপ্তারের ঝুঁকি থাকে। তাই অনেক নারী এ ধরনের পরিস্থিতিতে বাড়িতেই গোপনে সন্তান প্রসব করেন। মুথোনির ক্ষেত্রেও একই পথ বেছে নেওয়ার কথা জানা গেছে। কিন্তু পরে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। দেশটিতে হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের তথ্য পুলিশকে জানানো বাধ্যতামূলক। ফলে চিকিৎসা নিতে গিয়েই আইনের মুখে পড়েন তিনি।
গত মাসে আদালত এ রায় দেন। এরপর মুথোনি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি এমন শাস্তির যোগ্য নন। বেত্রাঘাতের আঘাত শরীর সইতে পারবে কি না, তা নিয়েও তিনি গভীর আতঙ্কে আছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি রায়ের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, রায় কার্যকর না করে ওই গৃহকর্মীকে তাঁর নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তাঁর মতে, এ রায় সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
সৌদি আরব ২০২০ সালে একটি বড় পরিবর্তন আনে। ওই বছর বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করা হয়। তবে হুদুদ-সংশ্লিষ্ট অপরাধে, অর্থাৎ ইসলামি আইনে নির্ধারিত অপরাধের ক্ষেত্রে এই শাস্তি এখনো বহাল আছে। ব্যভিচারও সেই অপরাধগুলোর মধ্যে পড়ে। এ কারণেই মুথোনির মামলায় বেত্রাঘাতের সাজা দেওয়া সম্ভব হয়েছে।
অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ড জানিয়েছে, বেত্রাঘাতের সাজা কার্যকর হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে। অর্থাৎ শাস্তি ভোগের পর তাঁকে দেশটি ছাড়তে হতে পারে।
সংগঠনটি আরও বলেছে, সৌদি আরবের কঠোর কাফালা ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী ঝুঁকির মধ্যে আছেন। এই ব্যবস্থায় অভিবাসী শ্রমিকের বৈধ অবস্থান অনেকটাই নিয়োগকর্তার ওপর নির্ভর করে। ফলে অনেক নিয়োগকর্তা গৃহকর্মীদের পাসপোর্ট জব্দ করে রাখেন। তাঁদের ওপর থাকে কঠোর নিয়ন্ত্রণ। অনেকেই প্রয়োজনের সময় আইনি সহায়তাও পান না।
মুথোনির ঘটনা তাই শুধু একজন নারীর সাজার বিষয় নয়। এটি সৌদি আরবে অভিবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও আইনি সুরক্ষার প্রশ্নটিও আবারও সামনে এনেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, নির্যাতন বা বিপদে পড়লে এই নারীদের সহায়তা পাওয়ার পথ অত্যন্ত সীমিত। রায় কার্যকর হয় কি না এবং সৌদি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সমালোচনার মুখে কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর থাকবে।

