দক্ষিণ আফ্রিকার রেলপথে এমন একটি ট্রেন চলেছে, যার একেকটি বগি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ার কথা। ৬৯৬টি বগি নিয়ে সাড়ে সাত কিলোমিটারের বেশি দীর্ঘ এই মালবাহী ট্রেন গত মাসে দেশটির নর্দার্ন কেপ ও ওয়েস্টার্ন কেপ অঞ্চল দিয়ে ছুটেছে। প্রতিষ্ঠানটির দাবি, রেললাইনে চলা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের রেকর্ড এখন তাদের দখলে। তবে স্বাধীন কোনো সংস্থা এখনো এই দাবির স্বীকৃতি দেয়নি।
ধরা যাক, আপনি গাড়িতে কোথাও যাচ্ছেন। সামনে রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামানো, ট্রেন যাচ্ছে। সাধারণ একটি মালবাহী ট্রেনের জন্যই অপেক্ষা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। অথচ দক্ষিণ আফ্রিকার এই ট্রেনটির সামনে দাঁড়ালে চোখের সামনে দিয়ে একে একে ৬৯৬টি বগি পার হয়ে যেত।
১৭ অক্টোবর দেশটির সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। এর মোট দৈর্ঘ্য ৭ হাজার ৬০২ মিটার। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন ও সরবরাহ প্রতিষ্ঠান ট্রান্সনেটের একটি বিভাগ ট্রান্সনেট ফ্রেইট রেল (টিএফআর) ট্রেনটি পরিচালনা করেছে। ট্রেনটি দেশের ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ধরে ৭৮২ কিলোমিটার (৪৯৬ মাইল) পথ পাড়ি দিয়ে নর্দার্ন কেপের খনি এলাকায় পৌঁছায়। খুব ধীরগতিতে চলায় এই পথ পেরোতে পুরো একদিন সময় লেগেছে।

এই যাত্রার মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম ট্রেনের রেকর্ড ফিরে পাওয়ার দাবি তুলেছে টিএফআর। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, রেকর্ডটি একসময় দক্ষিণ আফ্রিকারই ছিল। টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠান স্পুরনেট ১৯৮৯ সালে প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার (৪ দশমিক ৪৭ মাইল) দীর্ঘ একটি ট্রেন চালিয়েছিল। সেই ট্রেন রপ্তানি রেলপথের পুরো ৮৬১ কিলোমিটার (৫৩৫ মাইল) পথ পাড়ি দেয়। সিশেন থেকে সালদানহা পর্যন্ত যেতে সময় লেগেছিল ২৭ ঘণ্টা।
২০০১ সালে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান বিএইচপি আয়রন ওর সেই রেকর্ড ভেঙে দেয়। তারা ৬৮২টি বগি নিয়ে ৭ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন চালিয়েছিল। পশ্চিম অস্ট্রেলিয়ায় ট্রেনটি ২৭৫ কিলোমিটার (১৭১ মাইল) পথ অতিক্রম করে। প্রায় ২৫ বছর ধরে রেকর্ডটি ওই অস্ট্রেলীয় প্রতিষ্ঠানের দখলেই ছিল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতিও তাদের নামেই আছে।
নতুন রেকর্ডের স্বীকৃতি পাওয়া সহজ হবে না বলেই ইঙ্গিত মিলছে। টিএফআরের এক প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন, তাঁরা এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করছেন। স্বীকৃতি পেতে ‘অত্যন্ত জোরালো প্রমাণ’ দিতে হবে বলেও তিনি জানান। এর কারণ, ট্রেন চলাচল শেষ হওয়ার পর গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অথচ প্রতিষ্ঠানটির নিয়ম হলো, রেকর্ড গড়ার চেষ্টার আগেই আবেদন জমা দিয়ে তা পর্যালোচনা করাতে হয়।
তবে টিএফআরের কাছে শুধু রেকর্ড গড়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল না। পরীক্ষামূলক ট্রেনটির ৬৯৬টি বগির একটিতেও কোনো মালামাল ছিল না। তারপরও এর মোট ওজন দাঁড়ায় ১৫ হাজার ৮৩০ টন। এত দীর্ঘ ট্রেনের পুরো দৈর্ঘ্যজুড়ে যে চাপ ও টানজনিত শক্তি তৈরি হয়, তার হিসাব-নিকাশ ছিল অত্যন্ত জটিল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাসেল বাটজিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্বরেকর্ড গড়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই উদ্যোগের আসল লক্ষ্য হলো প্রযুক্তিগত জ্ঞান ও পরিচালনাসংক্রান্ত অভিজ্ঞতা অর্জন। তাঁর ভাষ্য, এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, নতুন উদ্ভাবন এবং মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে কাজে লাগবে।
এই পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাধারণ একটি রেলপথে এত বিশাল ট্রেন চালানো। কারণ, ওই রেলপথ এত বড় ট্রেনের জন্য তৈরি হয়নি। টিএফআর জানায়, এই পথে চলা সাধারণ মালবাহী ট্রেনে থাকে ৩৪৮টি বগি। উৎপাদন কাজে ব্যবহৃত ট্রেনের ক্ষেত্রে এই দৈর্ঘ্যও বিশ্বে রেকর্ড। অথচ নতুন ট্রেনটি ছিল তার প্রায় দ্বিগুণ দীর্ঘ।
প্রস্তুতির ধাপটিও ছিল কঠিন। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ লম্বা এই ট্রেন রাখার মতো জায়গা কোনো রেল ইয়ার্ডে ছিল না। তাই মূল রেললাইনের ওপরেই ২৩২টি করে বগি নিয়ে তিন ভাগে ট্রেনটি জোড়া লাগানো হয়। জোড়া লাগানোর আগে প্রতিটি বগি পরীক্ষা করা হয় এবং ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই করা হয়।
এই রেলপথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেন একবারে ৩৪ হাজার ৮০০ টন আকরিক লৌহ বহন করতে পারে। পরীক্ষামূলক ট্রেনে কোনো পণ্য না থাকায় সেই বাড়তি ভার ছিল না। কিন্তু খালি অবস্থাতেও ট্রেনের বিশাল ওজন ও দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা সহজ কাজ ছিল না।
সমাধানের মূল চাবিকাঠি ছিল ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ প্রযুক্তি। এই ব্যবস্থায় ট্রেনের বিভিন্ন অংশে মোট ১২টি বৈদ্যুতিক ও ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করা হয়। তারবিহীন রেডিও সংকেতের মাধ্যমে ইঞ্জিনগুলোর মধ্যে সমন্বয় রাখা হয়। এর ফলে ইঞ্জিনের শক্তি ও ব্রেক করার ক্ষমতা শুধু সামনের অংশে আটকে থাকেনি, পুরো ট্রেনজুড়ে ছড়িয়ে দেওয়া গেছে।
প্রযুক্তির উন্নতির সঙ্গে গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে মালবাহী ট্রেনের দৈর্ঘ্য ও বহনক্ষমতা বেড়েছে। তবে ট্রেনের আকার বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ মেয়াদে এর কার্যক্ষমতা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। ২০২৫ সালের একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ ট্রেনের বিভিন্ন অংশে বারবার বিপুল চাপ পড়ে। পাশাপাশি অনেক বগি ও ইঞ্জিনের মধ্যে ধাক্কা ও টানের কারণে চাকা এবং রেললাইন, দুটিরই কাঠামোগত ক্ষতি হতে পারে। ফলে রেকর্ডের চমক ছাপিয়ে নিরাপত্তা ও টেকসই পরিচালনার প্রশ্নটিও সামনে আসছে।
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার এই পরীক্ষা শুধু একটি সংখ্যার লড়াই নয়। রেকর্ডের স্বীকৃতি মিলুক বা না মিলুক, এত বড় ট্রেন সাধারণ রেলপথে নিরাপদে চালানোর অভিজ্ঞতা দেশটির মালবাহী রেল ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

