নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। সূত্র: এনডিটিভি
গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।
নেপালের নতুন প্রধানমন্ত্রীরা প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের গন্তব্য হিসেবে সাধারণত ভারতকে বেছে নেন। তবে এটি বাধ্যতামূলক কোনো রীতি নয়। ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রথমে চীন সফর করে এই প্রচলিত ধারার ব্যতিক্রম ঘটিয়েছিলেন।
চালু হচ্ছে অযোধ্যা-জনকপুর ট্রেন
বালেন্দ্র শাহর এই সফরে ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে নতুন একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন। নতুন এই ট্রেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।
৩৫ বছর বয়সী বালেন্দ্র ‘বালেন’ শাহকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাওয়ার কর্মসূচি রয়েছে।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠকের কথা রয়েছে। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং বিভিন্ন সমঝোতা স্মারক বিনিময়ের কথা রয়েছে। এরপর যৌথ বিবৃতিও দেওয়া হবে।
আকাশপথ থেকে বন্যার পুনর্গঠন—আলোচনায় বহু বিষয়
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় আসতে পারে।
এর মধ্যে রয়েছে ভারতীয় আকাশসীমা ব্যবহার করে নেপালের জন্য অতিরিক্ত বিমান চলাচলের পথ চালু করা, সাম্প্রতিক দুর্যোগের পর পুনর্গঠনে ভারতের সহায়তা এবং অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ানো।
আন্তর্জাতিক বিমান যোগাযোগ উন্নত করতে নেপাল দীর্ঘদিন ধরেই ভারতীয় আকাশসীমা দিয়ে নতুন রুট চালুর দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ভৈরহওয়া ও পোখরার আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যকরভাবে ব্যবহার করতে এসব আকাশপথ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কাঠমান্ডু।
গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য ভারতের কাছ থেকে বড় ধরনের আর্থিক সহায়তাও চেয়েছে নেপাল।
প্রতিবেদন অনুযায়ী, অনুদান ও সহজ শর্তে ঋণ মিলিয়ে প্রায় ২০০ কোটি ডলার সহায়তার প্রস্তাব দিয়েছে কাঠমান্ডু।
জ্বালানি সহযোগিতাও গুরুত্ব পাচ্ছে
দুই দেশের আলোচনায় জ্বালানি খাতও গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারে।
নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানি আরও বাড়াতে চায়। অন্যদিকে নেপালের জলবিদ্যুৎ খাতে ভারতীয় বিনিয়োগের আগ্রহও বাড়ছে।
ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়লে তা নেপালের অর্থনীতির জন্য বড় সুবিধা তৈরি করতে পারে বলে দেশটির নীতিনির্ধারকেরা মনে করছেন।
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় নেপালে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর।
তাঁর সফরসঙ্গীদের মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পপতিও তাঁর সফরসঙ্গী হয়েছেন।

