দ্য গার্ডিয়ান
ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজা ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি, ক্ষতিকর বায়ু এবং বিপুল ধ্বংসাবশেষের কারণে ফিলিস্তিনিদের বেঁচে থাকার মৌলিক পরিবেশই হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস)।
দুই সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া ভবন ও অবকাঠামো থেকে ছড়িয়ে পড়া ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, অ্যাসবেস্টস এবং পয়োবর্জ্য গাজার বাতাস, পানি ও মাটিকে ব্যাপকভাবে দূষিত করেছে। এসব উপাদানের প্রভাব কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজার ধ্বংসযজ্ঞ শুধু অবকাঠামোর ক্ষতি নয়, এটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থাকেও ভেঙে দিয়েছে।
তাঁর ভাষায়, গাজার মানুষ এখন বাতাস, খাবার, পানি, দূষিত মাটি এবং ধ্বংসস্তূপের মাধ্যমে বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছেন। দ্রুত পরিষ্কার, পরিবেশ পুনরুদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকতে পারে।
মাটি, পানি ও বাতাস – সবখানেই দূষণ
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং উন্মুক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দূষণের মাত্রা এখন ব্যাপক ও গভীর।
অপরিশোধিত পয়োবর্জ্য সমুদ্রে এবং মাটির নিচে ছড়িয়ে পড়ছে। বহু এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হওয়ায় দূষিত পানি ও বর্জ্য থেকে নিজেকে রক্ষার সুযোগও কমে গেছে।
চারদিকে জমে থাকা বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার এবং সংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে। শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
অক্সফামের বৈশ্বিক পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ এবং প্রতিবেদনটির অন্যতম লেখক লামা আবদুল সামাদ বলেন, শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানির ব্যবস্থা ও মাটিতে একসঙ্গে দূষণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।
ধ্বংস হওয়া ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও অন্যান্য অবকাঠামোর ধ্বংসস্তূপ এখন সম্ভাব্য বিপজ্জনক উপাদানের বিশাল ভান্ডারে পরিণত হয়েছে।
এসব ধ্বংসাবশেষে অ্যাসবেস্টস, ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থাকতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
অবিস্ফোরিত গোলাবারুদের কারণেও অনেক এলাকায় নিরাপদে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফলে দূষণের প্রকৃত মাত্রা নির্ধারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
লামা আবদুল সামাদ বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি চিহ্নিত করতে এবং অগ্রাধিকারভিত্তিক ব্যবস্থা নিতে সরেজমিনে পরিবেশগত মূল্যায়নের সুযোগ দেওয়া জরুরি।
তাঁর মতে, বিস্ফোরকের অবশিষ্টাংশ, জৈব দূষক ও ভারী ধাতু অপসারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি পরিষ্কার, পর্যবেক্ষণ এবং বিশেষায়িত পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে।
‘গণহত্যা’ ও যুদ্ধাপরাধের অভিযোগ
অক্সফাম গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা এবং পরিবেশবিষয়ক যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে।
অমিতাভ বেহার বলেন, ‘গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে।’
তবে ইসরায়েল এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এর আগে ২০২৫ সালে এবং চলতি বছরের শুরুতে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনও বলেছিল, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তারা এতে উসকানি দিয়েছেন।
জেনেভায় ইসরায়েলের মিশন ওই কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর ভাঁওতাবাজি’ বলে প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
পুনর্গঠনের পাশাপাশি পরিবেশ পুনরুদ্ধারের দাবি
অক্সফাম সতর্ক করেছে, শুধু ভবন ও অবকাঠামো পুনর্নির্মাণ করলেই গাজার সংকট কাটবে না।
দূষণের মাত্রা নিরূপণ, ক্ষতিকর পদার্থ অপসারণ, পানি ও মাটি শোধন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি পর্যবেক্ষণ—এসব কাজ পুনর্গঠনের সমান গুরুত্বে করতে হবে।
অমিতাভ বেহার বলেন, পরিবেশগত দূষণ মোকাবিলা না করে পুনর্গঠন করা হলে জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বহু প্রজন্ম পর্যন্ত থেকে যেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: অক্সফাম

