Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তাজমহলের ২০০ বছরের পুরোনো কারুকার্য করা মার্বেল ফলক যুক্তরাজ্যের নিলামে উঠছে!
    আন্তর্জাতিক

    তাজমহলের ২০০ বছরের পুরোনো কারুকার্য করা মার্বেল ফলক যুক্তরাজ্যের নিলামে উঠছে!

    নিউজ ডেস্কনভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আয়তাকার ফুলের কারুকার্য করা মার্বেল পাথরের ফলকটি যুক্তরাজ্যে নিলামে তোলা হবে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্য হিন্দু

    ভারতের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহল থেকে প্রায় ২০০ বছর আগে সংগ্রহ করা ফুলের সূক্ষ্ম নকশাখচিত একটি মার্বেল ফলক এবার যুক্তরাজ্যে নিলামে উঠছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক ব্রিটিশ কর্মকর্তা ১৮১৬ সালে এটি সংগ্রহ করেছিলেন। দুই শতাব্দীরও বেশি সময় ধরে তাঁর পরিবারের কাছে সংরক্ষিত থাকার পর আগামী ৯ ডিসেম্বর বিক্রির জন্য তোলা হবে ঐতিহাসিক এই শিল্পকর্ম।

    লিয়ন অ্যান্ড টার্নবুল নামের নিলাম প্রতিষ্ঠানের আয়োজনে ইসলামি ও ভারতীয় শিল্পকর্মের বিশেষ নিলামে ফলকটি বিক্রি করা হবে। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৪ থেকে ৩৬ লাখ রুপি।

    আয়তাকার মার্বেল ফলকটি ১৮১৬ সালে সংগ্রহ করেছিলেন কর্নেল পাওনল ফিপস। সে সময় আগ্রা ও আশপাশের ঐতিহাসিক ভবনগুলোর সংস্কারকাজ তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্বের মেয়াদ শেষে দুটি ফলক সংগ্রহ করেন ফিপস। সেগুলোর মধ্যে একটি এবার নিলামে তোলা হচ্ছে।

    নিলাম প্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী, ফলকটির সঙ্গে তাজমহলের একটি পুরোনো সাদা-কালো ছবি এবং দুটি চিঠিও রয়েছে। এর একটি চিঠি কর্নেল ফিপসের নাতি ছাপিয়েছিলেন। অন্যটি বাথের মার্কেসের হাতে লেখা।

    তাজমহলের ভূগর্ভস্থ স্থান থেকে সংগ্রহ

    কর্নেল পাওনল ফিপসের ছেলের লেখা স্মৃতিকথায় ফলক দুটি সংগ্রহের একটি বিবরণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, তাঁর বাবা তাজমহলের একটি ভূগর্ভস্থ স্থানে ফলক দুটি খুঁজে পেয়েছিলেন।

    ফিপসের ধারণা ছিল, মুঘল আমলের এই বিখ্যাত স্থাপনার সংস্কারকাজে ব্যবহারের জন্যই ফলক দুটি সেখানে রাখা হয়েছিল।

    ১৭৮০ সালে ইংল্যান্ডের ডেভন এলাকায় জন্মগ্রহণ করেন পাওনল ফিপস। তাঁর পরিবারের সদস্যরা সপ্তদশ শতাব্দীর শুরুর দিক থেকেই সামরিক বাহিনীতে কাজ করতেন। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে ১৭৯৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

    মিসরে সেনাদের সঙ্গে যুদ্ধ করার পর ভারতে ফিরে আসেন ফিপস। এরপর দ্রুত পদোন্নতি পেয়ে ১৮০৯ সালে আগ্রার দুর্গের সহকারী কর্মকর্তা এবং সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন। পরবর্তী সাত বছর তিনি আগ্রায় দায়িত্ব পালন করেন।

    ঔপনিবেশিক শাসনামলে তাজমহলসহ আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলোর দেখাশোনার দায়িত্বও তাঁর ওপর ছিল।

    স্মারক সংগ্রহের নামে স্থাপত্যের ক্ষতি ঠেকাতেন ফিপস

    নিলাম প্রতিষ্ঠানের বিবরণে ফিপসের দায়িত্ব পালনের একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। স্মারক হিসেবে সংগ্রহ করার উদ্দেশ্যে ইউরোপীয়রা যখন এসব স্থাপনার ক্ষতি করার চেষ্টা করতেন, তখন অনেক সময় তাঁকে তা ঠেকাতে হতো।

    তাঁর ছেলের স্মৃতিকথায় এমন একটি ঘটনার উল্লেখ রয়েছে। একবার তাঁকে তাজমহলে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে একজন ইংরেজ নারী পাহারাদারের আপত্তি উপেক্ষা করে মার্বেল পাথর থেকে মূল্যবান পাথর তুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ কাজে তিনি একটি ইস্পাতের কাঁটাচামচ ব্যবহার করছিলেন।

    নিলাম প্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী, এ ধরনের ঘটনা ঠেকানোও ফিপসের দায়িত্বের অংশ ছিল।

    ১৮১৬ সালে ভারতের গভর্নর জেনারেল তাঁকে নিম্ন প্রদেশগুলোর ভবন তত্ত্বাবধায়কের দায়িত্ব দেন। নতুন দায়িত্বের কারণে তাঁকে আগ্রা ছেড়ে কলকাতায় যেতে হয়।

    তবে ভারতীয় শিল্প ও স্থাপত্যের প্রতি তাঁর আগ্রহ কমেনি। তিনি দক্ষ স্থানীয় চিত্রকরদের একটি দল নিয়োগ করেছিলেন। তাঁর তত্ত্বাবধানে থাকা ভবনগুলোর বিস্তারিত চিত্র অঙ্কন করাই ছিল তাঁদের কাজ।

    ১৮২৩ সালে পরিবারসহ ব্রিটেনে ফিরে যান ফিপস। ১৮৫৮ সালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এর পর থেকে মার্বেল ফলকটি দুই শতাব্দীরও বেশি সময় ধরে তাঁর পরিবারের সংগ্রহে সংরক্ষিত রয়েছে।

    শাহজাহানের সমাধির নকশার সঙ্গে মিল

    নিলামে তোলা মার্বেল ফলকটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর সূক্ষ্ম ফুল ও লতাপাতার কারুকাজ। নকশাটি তাজমহলের ভেতরে সম্রাট শাহজাহানের সমাধির ওপরের সমতল অংশের চারপাশে থাকা অলংকরণ থেকে নেওয়া হয়েছে।

    শাহজাহানের মৃত্যুর পর ১৬৬৬ সালে ওই নকশা খোদাই ও নির্মাণ করা হয়েছিল।

    ৯ ডিসেম্বরের নিলামের বিবরণে বলা হয়েছে, ‘ফলকটির মাঝখানের লতাপাতার নকশার সঙ্গে শাহজাহানের সমাধির ওপরের অংশের বাঁ দিকের লতাপাতার নকশার অনেক মিল রয়েছে। তবে নিলামে তোলা ফলকটির নকশায় আরও কিছু কারুকাজ যুক্ত করা হয়েছে। এতে একটি অতিরিক্ত ছোট ফুলের নকশাও রয়েছে।’

    আগামী ৯ ডিসেম্বর লিয়ন অ্যান্ড টার্নবুলের নিলামে ফলকটির বিক্রির মধ্য দিয়ে তাজমহলের ইতিহাসের সঙ্গে যুক্ত দুই শতাব্দী পুরোনো একটি সংগ্রহ আবারও আলোচনায় আসছে। একদিকে মুঘল স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ, অন্যদিকে ঔপনিবেশিক আমলে ভারত থেকে ইউরোপে চলে যাওয়া ঐতিহাসিক শিল্পকর্মের দীর্ঘ ইতিহাস—দুইয়েরই সাক্ষ্য বহন করছে মার্বেলের এই ফলক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সৌদিকে কোণঠাসা করে ফেলেছে হুথিরা, কম খরচের অস্ত্রেই বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ

    নভেম্বর 29, 2026
    বিশ্ব অর্থনীতি

    ২০২৭ সালের তেল উৎপাদন কোটা ঠিক করতে আজ বৈঠকে বসছে ওপেক প্লাস

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছিল ইরান, মাস্কের প্রতিক্রিয়া কী?

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.