ভারতীয় বিমান বাহিনী এখন বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। চীন ও পাকিস্তান আধুনিক যুদ্ধবিমান যুক্ত করছে। অথচ ভারতের অনেক যুদ্ধবিমান পুরনো হয়ে পড়েছে। দ্রুত নতুন বিমান যুক্ত না হলে দেশটির আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে যেতে পারে।
এই সমস্যা সমাধানে ভারতের সামনে তিনটি পথ খোলা রয়েছে। এক, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান কেনা। দুই, রাশিয়ার সুখোই সু-৫৭ সংগ্রহ করা। তিন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করা। কোনটি ভারতের জন্য সবচেয়ে ভালো হবে? এই প্রতিবেদন সেই প্রশ্নের উত্তর খুঁজবে।
ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজন ৪২টি ফাইটার স্কোয়াড্রন। কিন্তু বর্তমানে আছে মাত্র ৩১টি। বেশিরভাগ যুদ্ধবিমানই অনেক পুরনো। মিগ-২১ দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। এটি প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এছাড়া, সুখোই-৩০MKI আধুনিক হলেও ভবিষ্যতের যুদ্ধের জন্য যথেষ্ট নয়। জাগুয়ার ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানগুলোও পুরনো হয়ে গেছে।
চীন ও পাকিস্তান এই সুযোগ কাজে লাগাচ্ছে। চীন গত দশ বছরে ৪৩৫টি নতুন যুদ্ধবিমান যুক্ত করেছে। এর মধ্যে স্টেলথ প্রযুক্তির J-20 অন্যতম। পাকিস্তানও চীনের সহায়তায় JF-17 ব্লক-৩ ও J-10C সংগ্রহ করছে। অথচ, ভারত এই সময়ে ১৫১টি যুদ্ধবিমান হারিয়েছে। নতুন বিমান কেনার হারও খুব ধীর। ফলে ভারত দ্রুত পদক্ষেপ না নিলে বড় সমস্যায় পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান –
এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান। এটি শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এটিকে আরও শক্তিশালী করেছে।

কিন্তু ভারতের জন্য এটি কিনা সহজ হবে না। প্রথমত, এটির দাম অনেক বেশি। একটি এফ-৩৫ কিনতে প্রায় ৮০ মিলিয়ন ডলার লাগে। দ্বিতীয়ত, এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা কঠিন। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ভারতের পক্ষে এটির অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ভারতের ওপর নানা শর্ত দিতে পারে। এফ-৩৫ পেতে হলে ভারতকে যুক্তরাষ্ট্রের কঠোর নিয়ম মেনে চলতে হবে।
রাশিয়ার সুখোই সু-৫৭-
সুখোই সু-৫৭ রাশিয়ার তৈরি একটি আধুনিক যুদ্ধবিমান। এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। তুলনামূলকভাবে এটি কম দামে পাওয়া সম্ভব।
কিন্তু কিছু সমস্যা আছে। প্রথমত, এই বিমান এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এর ইঞ্জিনে কিছু ত্রুটি রয়েছে। দ্বিতীয়ত, ভারত-রাশিয়ার যৌথভাবে যুদ্ধবিমান তৈরির চুক্তি আগেই বাতিল হয়েছে। ভারত নতুন প্রযুক্তি চেয়েছিল কিন্তু রাশিয়া রাজি হয়নি। তৃতীয়ত, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ফলে ভারত এখনই এটি কিনবে কিনা তা অনিশ্চিত।
ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তৈরী :
ভারত ইতোমধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান ব্যবহার করছে। বিমান বাহিনী ৮৩টি তেজাস মার্ক ১এ অর্ডার করেছে। আরও ৯৭টি কেনার পরিকল্পনা আছে। কিন্তু এটি একটি চতুর্থ প্রজন্মের বিমান। ভবিষ্যতের জন্য এটি যথেষ্ট নয়।
তাই ভারত নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছে। “এডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট” (AMCA) নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হবে। কিন্তু এটি তৈরি হতে কমপক্ষে ২০৩৫ সাল পর্যন্ত সময় লাগবে।
দেশীয় প্রকল্প বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জ আছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) অনেক সময় প্রকল্প বাস্তবায়নে দেরি করে। তেজাস তৈরি করতেও দীর্ঘ সময় লেগেছিল। এছাড়া, উন্নত প্রযুক্তির ঘাটতির কারণে ভারত এখনো পশ্চিমা দেশগুলোর সমপর্যায়ে পৌঁছাতে পারেনি।
ভারতের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত?
ভারত ১১৪টি নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে। এজন্য ২০ বিলিয়ন ডলারের মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্ট (MRFA) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে শর্ত হলো—বিমানগুলো ভারতে উৎপাদন করতে হবে এবং প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে হবে। এতে ভারত ভবিষ্যতে নিজেই যুদ্ধবিমান তৈরি করতে পারবে।
ভারতের জন্য দুটি পথ খোলা। এক, স্বল্প সময়ে নতুন রাফাল বা অন্য মাল্টিরোল যুদ্ধবিমান কেনা। দুই, দীর্ঘমেয়াদে দেশীয় প্রযুক্তিতে স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা।
কোন পথ বেছে নেবে ভারত?
ভারতের সামনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এফ-৩৫ অত্যন্ত আধুনিক কিন্তু ব্যয়বহুল ও কঠিন শর্তযুক্ত। সু-৫৭ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। দেশীয় যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা ভালো কিন্তু সময় লাগবে অনেক।
বিশেষজ্ঞরা মনে করেন, ভারত আপাতত কোনো স্টেলথ যুদ্ধবিমান কিনবে না। বরং রাফাল ও তেজাসের উন্নত সংস্করণ যুক্ত করবে। পাশাপাশি, দেশীয় AMCA প্রকল্পকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। ফলে, ভারতের আসল লক্ষ্য হবে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করা। তবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

