Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লাদাখের বিক্ষোভে জেন-জিদের অংশগ্রহণ, ভারত কতটা উদ্বিগ্ন?
    আন্তর্জাতিক

    লাদাখের বিক্ষোভে জেন-জিদের অংশগ্রহণ, ভারত কতটা উদ্বিগ্ন?

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: ভারতীয় সংবাদমাধ্যম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের লাদাখ অঞ্চল আবারও আলোচনায় এসেছে সহিংস বিক্ষোভের কারণে। রাজ্যের মর্যাদা ও চাকরিতে স্থানীয় কোটার দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু হঠাৎ করে তা সহিংস রূপ নেয়।

    পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ৭০ জন আহত হওয়ার পাশাপাশি বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন।

    বিশেষজ্ঞদের মতে, লাদাখের কৌশলগত গুরুত্ব এবং সীমান্তঘেঁষা অবস্থান ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে।

    সহিংসতার সূচনা ও পরিস্থিতি-

    লেহ শহরে বুধবার দুপুরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিজেপির কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা প্রথমে স্লোগান দেয় এবং পরে কার্যালয়ে পাথর ছোড়া শুরু করে। দ্রুতই ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কয়েকটি গাড়িও আগুনে পুড়ে যায় এবং আসবাবপত্র ও কাগজপত্র নষ্ট হয়।

    পুলিশ ও আধাসামরিক বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে সংঘর্ষ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি আংশিক শান্ত হয়।

    সহিংসতার পর কর্তৃপক্ষ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী পাঁচজনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং লেহ শহরে কারফিউ জারি করে।

    একই সঙ্গে স্থানীয় প্রশাসন চলমান বার্ষিক লাদাখ উৎসবও মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়। কর্তৃপক্ষ শিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও পর্যটকদের কাছে দুঃখ প্রকাশ করে জানায়, অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আন্দোলনের পটভূমি-

    লাদাখে এই আন্দোলনের সূত্রপাত ১০ সেপ্টেম্বর। জলবায়ু ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে কয়েকজন আন্দোলনকারী অনশন শুরু করেন। তাদের প্রধান দাবি—লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া এবং ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্ত করা।

    এই বিশেষ বিধান আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতি অঞ্চলকে প্রশাসনিক স্বায়ত্তশাসন দিয়ে থাকে। এর মাধ্যমে স্বশাসিত জেলা কাউন্সিল জমি, বন এবং স্থানীয় আইন প্রণয়নের মতো ক্ষমতা পেয়ে থাকে। লাদাখের প্রায় ৯৭ শতাংশ মানুষ তফসিলি উপজাতি হওয়ায় তাদের দীর্ঘদিনের দাবি হলো, একই অধিকার যেন এ অঞ্চলও পায়।

    সোনম ওয়াংচুক প্রকাশ্যে বারবার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর জোর দিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, সহিংসতা তাদের পাঁচ বছরের প্রচেষ্টাকে নষ্ট করবে।

    তবে বুধবারের ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, তরুণদের কিছু ‘নির্বোধ কর্মকাণ্ড’ পুরো আন্দোলনের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। ওয়াংচুক এই আন্দোলনকে ‘জেন-জি বিপ্লব’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, লাদাখের তরুণ প্রজন্মের ক্ষোভই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

    নেতৃত্ব ও সংগঠনগুলোর ভূমিকা-

    এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লেহ অ্যাপেক্স বডি (এলএবি)—একটি জোট যেখানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন একত্র হয়েছে। ওয়াংচুক এই সংগঠনের অন্যতম সদস্য।

    ‘দ্য হিন্দু’-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াংচুক বহু বছর ধরে লাদাখের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করছেন এবং এলএবির অন্যান্য সদস্যদের সঙ্গে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন।

    এছাড়া আন্দোলনে যুক্ত হয়েছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ), যারা একই দাবিতে এলএবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

    ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই দুই সংগঠন গত চার বছর ধরে যৌথভাবে আন্দোলন চালিয়ে আসছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। কিন্তু এতদিনে কোনো সমাধান না আসায় স্থানীয় মানুষের মধ্যে হতাশা বেড়েছে। কেডিএ ইতিমধ্যে পুরো লাদাখে বনধের ডাক দিয়েছে।

    কেন বিজেপিকে দায়ী করা হলো?

    বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর বিজেপি সরাসরি কংগ্রেসকে দায়ী করেছে। বিজেপি নেতা অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি ও ভিডিও শেয়ার করে দাবি করেন, লেহ ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জনতাকে উসকে দিয়ে বিজেপির কার্যালয় ও হিল কাউন্সিলে হামলার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী কি এমন অস্থিতিশীলতা ছড়ানোর পরিকল্পনাই করেছিলেন?

    অন্যদিকে, কংগ্রেসের সমর্থকরা উল্টো দাবি করেছেন, এটি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং বিজেপিকে বাস্তব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখানো। রাহুল গান্ধী এর আগে ভারতের তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছিলেন, যা বিজেপি নেতারা সমালোচনা করে বলেছিলেন—দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।

    জেন-জি প্রজন্মের সম্পৃক্ততা-

    লাদাখের বিক্ষোভে তরুণ প্রজন্মের উপস্থিতি স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অধিকাংশ বিক্ষোভকারী তরুণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। অনেকেই এ ঘটনাকে ‘জেন-জি বিপ্লব’ বলে আখ্যা দিচ্ছেন। কেউ কেউ নেপালের সাম্প্রতিক রাজনৈতিক উত্থানের সঙ্গে এর তুলনা করেছেন, যেখানে জেন-জিরা সেখানকার সরকার পতনে ভূমিকা রেখেছিল।

    তবে সমালোচকরা বলছেন, তরুণদের সহিংসতার পথে যাওয়া পুরো আন্দোলনের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে।

    ভারতের কৌশলগত উদ্বেগ-

    লাদাখ ভারতের জন্য শুধু একটি সাধারণ কেন্দ্রশাসিত অঞ্চল নয়, বরং একটি কৌশলগত বাফার জোন। চীন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তঘেঁষা এ অঞ্চল ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর বহুবার সংঘর্ষ ঘটেছে—সবচেয়ে উল্লেখযোগ্য ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ। এর পাশাপাশি, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধও এই অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করে।

    লাদাখের দুর্গম ভূখণ্ড ও উচ্চভূমি ভারতের প্রতিরক্ষার জন্য অপরিহার্য। সীমান্তবর্তী এলাকায় সামরিক ঘাঁটি, সড়ক ও অবকাঠামো নির্মাণ সবই এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। তাই এখানে যেকোনো ধরনের সামাজিক অস্থিরতা বা সহিংসতা দিল্লির জন্য বড় দুশ্চিন্তার কারণ।

    বিশেষজ্ঞরা বলছেন, লাদাখের অভ্যন্তরীণ সমস্যা সমাধান না হলে তা বহিরাগত শক্তি কাজে লাগাতে পারে, যা ভারতের সীমান্ত নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    আলোচনার উদ্যোগ ও ভবিষ্যৎ অনিশ্চয়তা-

    কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এলএবি ও কেডিএর সঙ্গে আলোচনায় বসার জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে। তবে আন্দোলনকারীরা অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতির কারণে আলোচনার তারিখ এগিয়ে আনার দাবি জানাচ্ছিলেন। বুধবারের সহিংসতার পর এই বৈঠক আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

    ওয়াংচুকের মতে, সহিংসতা কোনো সমাধান নয়। তিনি বিশ্বাস করেন, আলোচনার মাধ্যমেই লাদাখের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ সম্ভব।

    তবে স্থানীয়দের মধ্যে হতাশা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপও বাড়ছে। আগামী বৈঠকেই পরিস্থিতি শান্ত করার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি না হলে সহিংসতার আশঙ্কা আবারো দেখা দিতে পারে।

    পরিশেষে, লাদাখের বিক্ষোভ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, সামাজিক অস্থিরতা এবং কৌশলগত নিরাপত্তার জটিল সংযোগকে সামনে নিয়ে এসেছে। একদিকে তরুণ প্রজন্মের ক্ষোভ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ভারতের সীমান্ত নিরাপত্তা—এই দুই বাস্তবতা মিলেই দিল্লির সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। সহিংসতার কারণে যে প্রাণহানি ঘটেছে তা আন্দোলনকারীদের দাবি থেকে দৃষ্টি সরিয়ে দিয়েছে।

    এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার কি আলোচনার মাধ্যমে লাদাখের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে, নাকি এই অস্থিরতা আরো বিস্তৃত আকার ধারণ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জ্বালানির দাম বাড়তে পারে ২৪%, সতর্ক করছে বিশ্বব্যাংক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান ভেঙে পড়ার মুখে—দাবি ট্রাম্পের

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.