মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখা গেছে আন্তর্জাতিক বাজারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০১ দশমিক ২৯ ডলারে।
এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩ ডলার করে কমেছিল।
বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে। সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ কতটা কার্যকর হয়, তার ওপর আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে।

