মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটি এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির বাজারে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিজেদের বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যামাজন।
নতুন বিনিয়োগ পরিকল্পনার পাশাপাশি আগে থেকে চুক্তিবদ্ধ প্রকল্পগুলোর আওতায় ভারতে আরও চারটি বড় বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব প্রকল্পের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ৯৩৪ মেগাওয়াট। এর মধ্যে কর্ণাটকে ২৩৪ মেগাওয়াটের একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং ২০০ মেগাওয়াটের একটি সৌর ও বায়ুবিদ্যুৎভিত্তিক প্রকল্প রয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশে ৩০০ মেগাওয়াটের এবং রাজস্থানে ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।
প্রকল্পগুলো দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মাধ্যমে বাস্তবায়িত হবে। এগুলো চালু হলে ভারতে অ্যামাজনের চুক্তিবদ্ধ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা ২ গিগাওয়াট ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠানটির হিসাবে, এ পরিমাণ বিদ্যুৎ দিয়ে বছরে ভারতের ৩৫ লাখের বেশি পরিবারের বিদ্যুতের চাহিদার সমপরিমাণ জোগান দেওয়া সম্ভব।
অ্যামাজনের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা কারা হার্স্ট বলেন, ভারতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব। অতিরিক্ত ৭০০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা দেশটিতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার প্রতি অ্যামাজনের অঙ্গীকার তুলে ধরে। এর মাধ্যমে নতুন বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
অ্যামাজনের এ উদ্যোগ তাদের বৈশ্বিক পরিবেশগত লক্ষ্যেরও অংশ। প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে নিজেদের কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের কার্বন নিঃসরণের তীব্রতা ২০১৯ সালের তুলনায় ৬৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে বৈশ্বিক কার্যক্রমে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তাদের।
এদিকে, ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে ভারতের। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ভারতে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৫৫৯ গিগাওয়াট। এর মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎসের অংশ ছিল ৫৫ দশমিক ১১ শতাংশ। সৌর, বায়ু ও জলবিদ্যুৎসহ এসব উৎসের সক্ষমতা বাড়াতে দেশটিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক ও বেসরকারি বিনিয়োগও বাড়ছে।

