বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে তেল রপ্তানি আংশিকভাবে আবার শুরু হতে পারে—এমন খবরের পর সোমবার (২১ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেল ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—দুই ধরনের তেলের দামই ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
এদিন ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ। ফলে এ ধরনের তেলের ব্যারেলপ্রতি দাম দাঁড়ায় ৯৮ দশমিক ১৫ ডলার।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত ও সৌদি তেল স্থাপনায় হুথি হামলার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সৌদি আরব থেকে আংশিকভাবে তেল রপ্তানি আবার শুরু হতে পারে—এমন খবর বাজারে সরবরাহ নিয়ে আশঙ্কা কিছুটা কমিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনাও তেলের দামে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার। রয়টার্সকে তিনি বলেন, কূটনৈতিকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আশা থেকে তেলের দামে আগে যুক্ত হওয়া ঝুঁকির একটি অংশ কমে যাচ্ছে। তবে সেই উদ্যোগ বাস্তবে কতটা অগ্রসর হবে, তা সময়ই বলে দেবে।

