ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। সর্বশেষ হিসাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে উঠেছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করা যেতে পারে।
ইরানের শর্তগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমানো এবং জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া।
আরাগচি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশে সাংবাদিকদের বলেন, শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ইরান একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী তেলের দামের ওপর পড়তে পারে।

