আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও জ্বালানি তেলের দাম বাড়লেও সয়াবিন তেলের দাম গত কয়েক মাস ধরে বড় ধরনের পরিবর্তন ছাড়াই স্থির রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সরবরাহ ও মজুদের কারণে সাধারণ বাজার প্রবণতার বাইরে গিয়ে সয়াবিন তেলের দাম একই সীমার মধ্যে ঘুরছে।
সয়াবিন তেলের ফিউচার বা আগাম সরবরাহ মূল্য গত জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রতি পাউন্ড ৬০ থেকে ৭০ সেন্টের মধ্যে অবস্থান করছে।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জে সয়াবিনের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সময়ে অপরিশোধিত জ্বালানি তেলের দামও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি বা তার ওপরে ছিল।
সাধারণত কাঁচা সয়াবিন ও জ্বালানি তেলের দাম বাড়লে সয়াবিন তেলের দামও বাড়ার প্রবণতা দেখা যায়। তবে এবার চিত্র ভিন্ন হয়েছে।
বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ যুক্তরাষ্ট্রে বায়োফুয়েল ও বায়োডিজেল উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি বৃদ্ধি এবং দেশীয় সয়াবিন তেল উৎপাদন বেড়ে যাওয়া।
মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) রিনিউয়েবল ফুয়েল স্ট্যান্ডার্ডের আওতায় ২০২৬ ও ২০২৭ সালের জন্য জৈব জ্বালানি কর্মসূচির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। পাশাপাশি ২০২৮ সাল পর্যন্ত আমদানি করা কাঁচামালেও সুবিধা বজায় রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই নীতিগত সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভোজ্যতেল ও অন্যান্য কাঁচামাল আমদানি বাড়িয়েছে।
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্রে বায়োডিজেল আমদানি ছিল ৩৯ হাজার ১৬৪ টন। এপ্রিল-জুন সময়ে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে ৭৯ হাজার ৭৬৪ টনে পৌঁছায়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব কারখানায় সয়াবিন তেল উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে পর্যাপ্ত মজুদ তৈরি হয়েছে। ফলে সরবরাহ বেশি থাকায় দাম বাড়ার চাপ তৈরি হয়নি।
তবে সয়াবিন তেলের বাজার স্থির থাকলেও সয়াবিন খৈলের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। স্থানীয় সরবরাহ সংকটের কারণে খৈলের দাম বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দামের একটি নির্দিষ্ট সীমা তৈরি হয়েছে। দাম প্রতি পাউন্ডে ৭১ থেকে ৭২ সেন্টে উঠলে ক্রেতাদের আগ্রহ কমে যায়। আবার ৬৫ থেকে ৬৭ সেন্টে নামলে কেনাকাটা বাড়ে।
এ ছাড়া ছোট কিছু তেল শোধনাগারের জন্য নীতিগত সুবিধা অব্যাহত থাকায় ভবিষ্যৎ চাহিদা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতি ও জৈব জ্বালানি খাতের নীতির ওপর নির্ভর করবে আগামী দিনে সয়াবিন তেলের বাজারের গতি।

