বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ৭২ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩২ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার কিছু লক্ষণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের দাম বাড়ানোর প্রধান কারণ হয়ে উঠেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ অঞ্চল মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ে। এর প্রভাব সরাসরি তেলের দামের ওপর পড়ে।
বিশেষজ্ঞদের মতে, সংঘাতের পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং উৎপাদক দেশগুলোর সিদ্ধান্তের ওপর আগামী দিনে তেলের বাজারের গতি নির্ভর করবে।

