সকালের নাশতা কিংবা দিনের অন্য কোনো সময়, কলা অনেকের নিত্যদিনের খাবার। স্বাদ ও পুষ্টিতে ভরপুর এই ফল সহজলভ্য ও সাশ্রয়ী বলে ঘরে ঘরে জনপ্রিয়। কিন্তু বাজারে বিক্রি হওয়া অনেক কলা রাসায়নিক দিয়ে কৃত্রিমভাবে পাকানো হয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে।
এ ধরনের কলা খেলে শরীরের নানা ক্ষতি হতে পারে। তাই কেনার সময় একটু সতর্ক থাকলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। রাসায়নিকে পাকানো কলা চেনার কয়েকটি লক্ষণ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টিভিনাইন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম লক্ষণ হলো খোসার রং ও দাগ। প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় সাধারণত ছোট ছোট বাদামি ছোপ দেখা যায়। যে কলার খোসায় এ ধরনের কোনো ছোপ নেই, সেটি নিয়ে সন্দেহের জায়গা থাকে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, প্রাকৃতিকভাবে পাকা সব কলায় যে ছোপ থাকবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তাই শুধু এই একটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
দ্বিতীয় লক্ষণ হলো অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং। কলার পুরো খোসা যদি একই রকম ঝকঝকে হলুদ হয় এবং কোথাও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তাহলে সেটি রাসায়নিকভাবে পাকানো হতে পারে। প্রাকৃতিকভাবে পাকা কলার রঙে সাধারণত কিছুটা তারতম্য থাকে।
তৃতীয় লক্ষণ লুকিয়ে আছে কলার বোঁটায়। ফলটি পুরোপুরি হলুদ হয়ে গেলেও যদি বোঁটা সবুজ বা কাঁচা থেকে যায়, তাহলে বুঝতে হবে কলাটি কৃত্রিম উপায়ে পাকানো হয়ে থাকতে পারে। প্রাকৃতিক প্রক্রিয়ায় পাকলে খোসা ও বোঁটার রঙে সাধারণত এতটা অসামঞ্জস্য থাকে না।
চতুর্থ লক্ষণ হলো বাইরে পাকা, ভেতরে কাঁচা। খোসা হলুদ হলেও কলার ভেতরের অংশ যদি শক্ত থাকে এবং খাওয়ার সময় কষ বা কাঁচা ভাব টের পাওয়া যায়, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ রাসায়নিক শুধু বাইরের রং বদলে দেয়, ভেতরের অংশ পাকতে সময় লাগে।
পঞ্চম লক্ষণ গন্ধ। পাকা কলার সাধারণত একটি মিষ্টি ঘ্রাণ থাকে। সেই স্বাভাবিক মিষ্টি গন্ধ না থাকলে কলায় রাসায়নিক মেশানো থাকতে পারে।
ষষ্ঠ লক্ষণ হলো এক থোকের সব কলার একই রকম পরিপক্বতা। প্রাকৃতিকভাবে পাকলে একই থোকের কলাগুলো সাধারণত একটু আগে-পরে পাকে। তাই পুরো থোকের সব কলা যদি অস্বাভাবিকভাবে একই রঙের হয়, তবে তা কৃত্রিমভাবে পাকানোর ইঙ্গিত হতে পারে।
রাসায়নিকে পাকানো কলা খেলে স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। এতে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের সমস্যাও হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা ও মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, কলা কেনার সময় শুধু একটি লক্ষণের ওপর ভরসা না করে একাধিক বিষয় মিলিয়ে দেখা ভালো। সম্ভব হলে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কেনা এবং খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া নিরাপদ। বাজারে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি জোরদার না হলে ভোক্তারা এ ধরনের ঝুঁকিতে পড়তেই থাকবেন।

