সঞ্চয়ের কথা এলেই আমাদের মাথায় প্রথমে আসে ব্যাংকে টাকা রাখা, সঞ্চয়পত্র কেনা কিংবা সরাসরি শেয়ারবাজারে ঝুঁকি নেওয়া। কিন্তু বাস্তবতা হলো, একজন মানুষের বয়স, আয়ের পরিমাণ, কর-পরিস্থিতি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবার ক্ষেত্রেই আলাদা। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিনিয়োগের একাধিক পথ থাকা জরুরি—আর এখানেই মিউচুয়াল ফান্ড হয়ে উঠতে পারে একটি কার্যকর সমাধান।
মিউচুয়াল ফান্ডের বড় সুবিধা হলো, অল্প টাকা নিয়মিত জমা রাখলেও সেই অর্থ পেশাদার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শেয়ারবাজার, সরকারি সিকিউরিটিজ, অন্যান্য অর্থবাজার কিংবা শরিয়াহভিত্তিক বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায়। এটি শুধু টাকা বিনিয়োগের একটি মাধ্যম নয়—বরং ব্যক্তি ও পরিবারের সঞ্চয়কে দেশের দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পুঁজিতে রূপান্তরের একটি বাস্তব উপায়।
বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ইতিহাস চার দশকেরও বেশি পুরোনো। ২০১৭ সালে প্রথমবারের মতো অনলাইনে বিনিয়োগের সুযোগ চালু হয়, এরপর ধীরে ধীরে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা নিয়মিত মাসিক বিনিয়োগের ব্যবস্থা এবং ডেট মিউচুয়াল ফান্ডও যুক্ত হয়। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে এই খাত নিয়ে সচেতনতা কিছুটা বেড়েছে ঠিকই, তবে এর প্রকৃত সম্ভাবনার তুলনায় অগ্রগতি এখনো অনেক পিছিয়ে।
সম্প্রতি নীতিনির্ধারকদের পক্ষ থেকে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াতের সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লাখ টাকা করা হয়েছে, পাশাপাশি তালিকাভুক্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লভ্যাংশে ১৫ শতাংশ চূড়ান্ত কর নির্ধারণ করা হয়েছে। সরকার, পুঁজিবাজারবিষয়ক নীতিনির্ধারক পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা ও রাজস্ব বোর্ডের যৌথ এই উদ্যোগ ইতিবাচক হলেও, এই খাতকে সাধারণ মানুষের বিনিয়োগের মূলধারায় নিয়ে আসতে হলে আরও কিছু কাঠামোগত সমস্যার সমাধান দরকার।
প্রথম বড় সমস্যা হলো বিনিয়োগপ্রক্রিয়ার জটিলতা। এখনো অনেকটাই কাগজপত্র ও ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভর করে এই প্রক্রিয়া চলে। সম্পদ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ডিপোজিটরি, কাস্টডিয়ান ব্যাংক—এই সব পক্ষের মধ্যে যদি আধুনিক প্রযুক্তিনির্ভর সংযোগ তৈরি করা যায়, তাহলে পুরো প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হয়ে উঠবে। একজন মানুষ যেভাবে সহজে ব্যাংক থেকে টাকা পাঠান বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয় হিসাব খোলেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও যদি ততটাই সহজ করা যায়, তাহলে দেশের বিশাল জনগোষ্ঠীকে এই খাতের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
দ্বিতীয় সমস্যা বিক্রয় ও বিতরণব্যবস্থার দুর্বলতা। সাধারণ মানুষকে বোঝাতে হবে কোন পণ্যে কতটা ঝুঁকি আছে, কী সুবিধা পাওয়া যাবে এবং তাঁর ব্যক্তিগত পরিস্থিতির জন্য কোন ফান্ড উপযুক্ত। এ জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ বিক্রয়কর্মী, যাঁরা সরাসরি মানুষের কাছে গিয়ে সঠিক তথ্য দিতে পারবেন। প্রতিবেশী দেশ ভারতের অভিজ্ঞতা থেকে শেখা যায়—নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থেকেই যদি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব বিক্রয় কার্যক্রমে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী তৈরি করতে পারবে। এই ব্যয়কে খরচ হিসেবে না দেখে বরং বাজার সম্প্রসারণের একটি বিনিয়োগ হিসেবে দেখা উচিত।
তৃতীয় বিষয়টি হলো ফান্ডের বৈচিত্র্যের অভাব। এখন পর্যন্ত দেশের মিউচুয়াল ফান্ড খাত মূলত শেয়ারবাজারকেন্দ্রিক হয়ে আছে। অথচ প্রতিটি মানুষের ঝুঁকি নেওয়ার সামর্থ্য এক নয়—কেউ বেশি ঝুঁকি নিতে রাজি, কেউ আবার নিরাপদ পথ খোঁজেন। তাই প্রচলিত ও শরিয়াহভিত্তিক—উভয় ধারাতেই শেয়ার এবং বন্ড বা সুকুকের সুনির্দিষ্ট সংমিশ্রণে বিভিন্ন ধরনের হাইব্রিড ফান্ড তৈরি করা প্রয়োজন, যাতে প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ফান্ড বেছে নিতে পারেন।
চতুর্থ চ্যালেঞ্জ হলো মানসম্পন্ন বিনিয়োগ-উপকরণের ঘাটতি। সাধারণ মানুষের সঞ্চয়কে কার্যকরভাবে বিনিয়োগে রূপান্তর করতে হলে বাজারে যথেষ্ট গভীরতা থাকা প্রয়োজন। এ জন্য মিউচুয়াল ফান্ডগুলোর হাতে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের শেয়ার ও ঋণ-উপকরণ থাকা অপরিহার্য।
এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি। দেশের পুঁজিবাজারের একটি বড় দুর্বলতা হলো এখানে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীর সংখ্যা অতিরিক্ত বেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অনুপাত তুলনামূলক কম। শেয়ারবাজারের মোট লেনদেনের প্রায় ৮৫ শতাংশই হয় ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের মাধ্যমে। তবে এই একই বিষয়কে একটি বড় সুযোগ হিসেবেও দেখা যায়—যদি এই বিপুল ব্যক্তিগত সঞ্চয়ের একটি অংশ পেশাদার ব্যবস্থাপনার আওতায় আনা যায়, তাহলে তা ধীরে ধীরে বাজারের একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক স্তম্ভে পরিণত হতে পারে, যা বাজারকে অতিরিক্ত ওঠানামা থেকে রক্ষা করতে সাহায্য করবে।
সব মিলিয়ে বলা যায়, মিউচুয়াল ফান্ডের বিকাশ কোনো একক শিল্পের প্রবৃদ্ধির বিষয় নয়—এটি পুরো পুঁজিবাজারের ভিত মজবুত করার একটি দীর্ঘমেয়াদি কৌশল। সঠিক নীতি প্রণয়ন, প্রযুক্তিনির্ভর সহজ বিনিয়োগপ্রক্রিয়া চালু, দক্ষ বিক্রয় ও বিতরণব্যবস্থা গড়ে তোলা, বৈচিত্র্যময় ফান্ড চালু করা এবং মানসম্পন্ন সিকিউরিটিজের সরবরাহ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের সাধারণ সঞ্চয় থেকেই দেশে একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।

