ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে বাজার মূলধনের হিসাবে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংক। প্রায় ১৫ হাজার ৫৬৯ কোটি টাকার মূলধন নিয়ে ব্যাংকটি তালিকার শীর্ষে, যা দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের প্রায় আড়াই গুণ। পূবালীর বাজার মূলধন প্রায় ৬ হাজার ২৯৪ কোটি টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, যার মূলধন প্রায় ৫ হাজার ৩০১ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের মূলধন প্রায় ৪ হাজার ৭৭১ কোটি টাকা। পঞ্চম স্থানে আছে ইস্টার্ন ব্যাংক, তাদের বাজার মূলধন প্রায় ৩ হাজার ৯৬১ কোটি টাকা।
হিসাবে দেখা যায়, শীর্ষ ১০ ব্যাংকের মোট বাজার মূলধনের প্রায় ৩১ শতাংশই একা ব্র্যাক ব্যাংকের দখলে। ব্র্যাক, পূবালী ও সিটি মিলিয়ে এই অংশ দাঁড়ায় প্রায় ৫৪ শতাংশে। অর্থাৎ বড় ব্যাংকগুলোর মধ্যেও বাজার মূল্যায়ন সমানভাবে ছড়িয়ে নেই।
তবে,শেয়ারের দাম আর বাজার মূলধন যে এক জিনিস নয়। ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারদর ৪৭ টাকা হলেও সিটি ব্যাংকের দর ৩০.৩০ টাকা। তবু বাজার মূলধনে সিটি ব্যাংক এগিয়ে, কারণ তাদের মোট শেয়ারের সংখ্যা বেশি।
মূল্যায়নের অন্যান্য সূচকেও ব্যাংকগুলোর মধ্যে ফারাক স্পষ্ট। ব্র্যাক ব্যাংকের price-to-earnings (পি/ই) অনুপাত ৭ দশমিক ৫, যেখানে সিটি ব্যাংকের ৩ দশমিক ৫। অর্থাৎ আয়ের বিপরীতে ব্র্যাক ব্যাংককে তুলনামূলক বেশি মূল্য দিচ্ছে বাজার। অন্যদিকে লভ্যাংশ আয়ের (ডিভিডেন্ড ইল্ড) দিক থেকে ইস্টার্ন ব্যাংকের হার ১০ দশমিক ৩ শতাংশ, ডাচ্-বাংলার ৬ দশমিক ৫ ও সিটি ব্যাংকের ৬ দশমিক ২ শতাংশ।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

