স্মার্টফোন দীর্ঘ সময় ব্যবহার করলে গরম হয়ে যাওয়া বা ব্যাটারির ক্ষমতা কমে যাওয়ার সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। বিশেষ করে টানা গেম খেলা, লাইভ ভিডিও দেখা বা একসঙ্গে একাধিক কাজ করার সময় এই সমস্যা আরও বেশি দেখা যায়। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
এই সমস্যা কমাতে এবং ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে স্মার্টফোনে নতুন এক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে, যার নাম বাইপাস চার্জিং। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিভাইসে এই সুবিধা যুক্ত করছে। ইনফিনিক্স তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং নতুন হট ৭০ মডেলে এই প্রযুক্তি ব্যবহার করেছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইপাস চার্জিং মূলত ফোনের ভেতরে বিদ্যুতের প্রবাহ কোন পথে যাবে তা নিয়ন্ত্রণ করে। সাধারণভাবে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে জমা হয়, এরপর সেখান থেকে ফোন শক্তি নেয়। আবার চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করলে ব্যাটারি একসঙ্গে চার্জ ও খরচ—দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং তাপমাত্রা বেড়ে গিয়ে ধীরে ধীরে কার্যক্ষমতা কমে যায়।
বাইপাস চার্জিং প্রযুক্তিতে এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটে। চার্জারের বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ড ও প্রসেসরে পৌঁছে যায়। ফলে ফোন ব্যবহার চললেও ব্যাটারির ওপর চাপ পড়ে না। গেম খেলা বা একসঙ্গে একাধিক কাজ করার সময় ব্যাটারি সক্রিয় না থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকে।
উচ্চ রেজোলিউশনের গেম বা ভারী অ্যাপ চালানোর সময় প্রসেসরের ধারাবাহিক শক্তির প্রয়োজন হয়, যা স্বাভাবিকভাবেই ফোন গরম করে তোলে। কিন্তু বাইপাস চার্জিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরাসরি সিস্টেমে পৌঁছানোর কারণে ব্যাটারি অতিরিক্ত চাপের মধ্যে পড়ে না। এতে ফোনের অতিরিক্ত গরম হওয়া কমে এবং হ্যাং করার ঝুঁকিও হ্রাস পায়।
ইনফিনিক্সের দাবি অনুযায়ী, জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং হট ৭০ মডেলে এই প্রযুক্তির কারণে চার্জে লাগানো অবস্থায় দীর্ঘ সময় গেম বা ভারী কাজ করলেও ফোন তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এবং ব্যাটারির স্থায়িত্বও দীর্ঘ হয়।

