টেক্সটাইল শিল্পের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর ব্যবসায়িক সমাধান খুঁজতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘ক্যাসকেড ২০২৬’। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শিল্প খাতের বিভিন্ন চ্যালেঞ্জ বিশ্লেষণ করে সম্ভাব্য সমাধান, ব্যবসায়িক কৌশল ও বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন।
আইএসইউ টেক্সটাইল ক্লাব ও আইএসইউ বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘টেক্সটাইল শিল্পের সমস্যা থেকে ব্যবসায়িক সমাধান’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল অংশ নেয়।
গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে টেক্সস্পায়ার, বিয়ন্ড দ্য কেস, দ্য চ্যালেঞ্জার্স, এরর অ্যান্ড থ্রেড, দ্য হান্টার্স ও ইলেকট্রনস। দলগুলো টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা বিশ্লেষণের পাশাপাশি সেগুলো মোকাবিলায় সম্ভাব্য ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টেক্সস্পায়ার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বিয়ন্ড দ্য কেস ও দ্য চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদ ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ বিশ্লেষণ এবং বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশল প্রণয়নের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সমস্যা চিহ্নিত করা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর সমাধান তৈরিতে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ে। ভবিষ্যৎ কর্মজীবনে শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তা, নতুন ধারণা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দিয়েছেন। বাস্তব সমস্যাগুলো বিশ্লেষণ করে কার্যকর ব্যবসায়িক সমাধান উপস্থাপনের পাশাপাশি এ ধরনের আয়োজন দলগত কাজ, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
অনুষ্ঠানে আইএসইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ ফায়জুল্লাহ কৌশিক, সহকারী অধ্যাপক ফারজানা চৌধুরী, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বণিক বার্তা

