স্মার্টফোনের ব্যবহার বাড়ছে, দ্রুতগতির ইন্টারনেট সেবার বিস্তারও ঘটছে। তারপরও বাংলাদেশের স্থানীয় মোবাইল ফোন উৎপাদন খাতে বাটন ফোনের আধিপত্য এখনো কমেনি। চলতি বছরের প্রথম নয় মাসে দেশে উৎপাদিত মোট হ্যান্ডসেটের প্রায় ৬০ শতাংশই ছিল দ্বিতীয় প্রজন্মের (২জি) প্রযুক্তিনির্ভর ফোন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ১ কোটি ৫৬ লাখ মোবাইল ফোন উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৯৩ লাখ ১৬ হাজার ছিল ২জি প্রযুক্তির, ৫৮ লাখ ৯৮ হাজার ৪জি এবং ৩ লাখ ৭৪ হাজার ৫জি সমর্থিত হ্যান্ডসেট।
পরিসংখ্যান অনুযায়ী, মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ ছিল ২জি ফোন। অন্যদিকে, ৪জি ফোনের অংশ প্রায় ৩৮ শতাংশ এবং ৫জি ফোনের অংশ ৩ শতাংশেরও কম। অর্থাৎ স্থানীয়ভাবে তৈরি প্রতি ১০টি হ্যান্ডসেটের মধ্যে প্রায় ছয়টিই বাটন ফোন।
তবে প্রযুক্তিভেদে উৎপাদনের ধারায় কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪জি ফোনের উৎপাদন বৃদ্ধির প্রবণতা সবচেয়ে বেশি ছিল। অন্যদিকে, ৫জি ফোনের উৎপাদন এখনো সীমিত। ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৮৭ হাজার ইউনিট ৫জি ফোন তৈরি হলেও সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৩১ হাজারে।
আগস্ট ও সেপ্টেম্বরের উৎপাদন তুলনা করলে ২জি ফোনের ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা যায়। আগস্টে ১৪ লাখ ৯৬ হাজার ইউনিট উৎপাদিত হলেও সেপ্টেম্বরে তা কমে ৮ লাখ ২২ হাজারে নেমেছে। এক মাসে উৎপাদন হ্রাসের হার ৪৫ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে ৪জি ফোনের উৎপাদন ৭ লাখ ৩৫ হাজার থেকে বেড়ে ৭ লাখ ৯২ হাজারে পৌঁছেছে। এতে উৎপাদন বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। তবে ৫জি ফোনের উৎপাদন ৩৫ হাজার থেকে কমে ৩১ হাজারে নেমেছে, যা ১১ দশমিক ৪ শতাংশ হ্রাসের সমান।
মাসভিত্তিক উৎপাদনের হিসাবেও উল্লেখযোগ্য ওঠানামা রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হয়েছে আগস্টে, ২২ লাখ ৬৬ হাজার ইউনিট। অন্যদিকে, মার্চ মাসে উৎপাদন ছিল সবচেয়ে কম, ১০ লাখ ৮৭ হাজার ইউনিট।
জানুয়ারিতে দেশে ১৩ লাখ ৯৯ হাজার মোবাইল ফোন উৎপাদিত হয়েছিল। সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজারে। অর্থাৎ এই সময়ে উৎপাদন বেড়েছে প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ। তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মোট উৎপাদন কমেছে ২৭ দশমিক ৪ শতাংশ।
ফোনের ধরন অনুযায়ী উৎপাদনের হিসাবেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাটন ফোনের উৎপাদন কমেছে, বিপরীতে স্মার্টফোনের উৎপাদন বেড়েছে। জুন মাসে মোট উৎপাদিত ফোনের ৬৯ দশমিক ২৯ শতাংশ ছিল বাটন ফোন, যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সেপ্টেম্বরে বাটন ও স্মার্টফোনের উৎপাদনের ব্যবধান অনেকটাই কমে আসে। ওই মাসে বাটন ফোনের অংশ ছিল ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং স্মার্টফোনের অংশ ৪৯ দশমিক ০৪ শতাংশ।
দেশের বাজারে বাটন ফোনের চাহিদা ধরে রাখার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তুলনামূলক কম দাম, সহজ ব্যবহার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে স্বল্প আয়ের মানুষসহ অনেক গ্রাহকের কাছে এসব ফোন এখনো জনপ্রিয়। যাঁদের মূল প্রয়োজন কথা বলা ও খুদে বার্তা আদান-প্রদান, তাঁদের জন্য বাটন ফোন একটি সাশ্রয়ী বিকল্প।
অন্যদিকে, স্মার্টফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা, ডিজিটাল লেনদেন ও ভিডিও কলসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সেবা পাওয়া যায়। ফলে দেশের ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে স্মার্টফোনের গুরুত্বও বাড়ছে।
বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। ওয়ালটন, সিম্ফনি, ভিভো, শাওমি, অপো, রিয়েলমি, নকিয়া, আইটেল, টেকনো ও ইনফিনিক্স উল্লেখযোগ্য ব্র্যান্ড। তবে বিটিআরসির প্রকাশিত পরিসংখ্যানে কোম্পানিভিত্তিক উৎপাদনের তথ্য নেই। ফলে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বাটন ফোন বা স্মার্টফোন তৈরি করছে, তা নির্দিষ্টভাবে জানা সম্ভব নয়।
এদিকে, দেশে ২জি প্রযুক্তি বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় মোবাইল শিল্পে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিটিআরসি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে ২জি সেবা পর্যায়ক্রমে বন্ধ করার একটি রূপরেখা তৈরি করেছে। এ ক্ষেত্রে গ্রাহকদের নতুন প্রযুক্তির ফোনে স্থানান্তরের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সংবাদ সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দেশে এখনো ৬ কোটির বেশি মানুষ বাটন ফোন ব্যবহার করছেন। ফলে ২জি সেবা বন্ধের উদ্যোগ কার্যকর হলে বিপুলসংখ্যক গ্রাহককে বিকল্প প্রযুক্তির হ্যান্ডসেট ব্যবহারে যেতে হবে।
এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মোবাইল ফোন নির্মাতাদের সাশ্রয়ী মূল্যের ৪জি বাটন ফোন ও স্মার্টফোন উৎপাদনে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে নতুন প্রযুক্তির হ্যান্ডসেট বাজারজাত করাও জরুরি হয়ে উঠবে।

