প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশকে আবার স্বাধীন করেছে। আজ শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এরপরও দেশে নানা সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। এর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ তৈরি হয়েছে।
তিনি শিশু-কিশোরদের উদ্দেশে আরও বলেন, তারা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। খেলাধুলার মাধ্যমে তারা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে। তাঁর ভাষায়, তারাই দেশের ভবিষ্যৎ এবং একদিন দেশের দায়িত্ব তাদেরই নিতে হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, প্রায় সাড়ে চার বছর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লন্ডনে গেলে একটি রেস্টুরেন্টে বসে এই উদ্যোগ নিয়ে প্রথম আলোচনা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ক্ষমতায় এলে এটি চালু করা হবে।
সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার সামর্থ্য অনুযায়ী শিশুদের পাশে থাকবে—তা শিক্ষা হোক বা খেলাধুলা। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, গায়ক বা মিউজিশিয়ান হতে চাইলে সরকার সহায়তা করবে। গান বা সংগীত শেখার সুযোগও তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বক্তব্য পর্ব শেষে অনলাইনে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

