রাজধানী ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি বাসায় ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, রাজধানীতে বিদ্যুৎ সরবরাহের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিকল্প শক্তির উৎস হিসেবে সোলার শক্তিকে আরও সহজলভ্য করা হবে। বিশেষ করে আবাসিক পর্যায়ে বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যেই এ বিষয়ে সরকারি আদেশ জারি করে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। নীতিমালার মাধ্যমে সোলার প্যানেল স্থাপনকে আরও সহজ ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে দেশে সোলার শক্তির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎকে ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, বর্তমানে বিদ্যুতের দাম স্থিতিশীল রাখা হয়েছে এবং আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সরকারের লক্ষ্য হলো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নিরবচ্ছিন্ন করা এবং একই সঙ্গে জ্বালানির ওপর চাপ কমানো।
বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া পর্যায়ে সোলার প্যানেল ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয়ও হ্রাস পাবে। তবে এর জন্য প্রয়োজন প্রাথমিক বিনিয়োগ সহায়তা, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবহারবান্ধব নীতিমালা। সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে নগর অঞ্চলে বিদ্যুৎ সংকট কমাতে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

