ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন খন্দকার ইমরান হাবিব।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আভিভা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে নানা আলোচনা ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের একক প্রভাবের মধ্যে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা ছিল।
পরবর্তীতে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা।
পর্ষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং আইসিবির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।

