বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য আর্থিক সাফল্যের কথা জানিয়েছে। কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকায়। আগের বছর এই মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।
আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একক ভিত্তিতেও ব্যাংকটির মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে। ২০২৫ সালে একক ভিত্তিতে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
আর্থিক ফলাফলের ধারাবাহিক ইতিবাচক প্রবণতার কারণে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তবে এটি কার্যকর হবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, দেশের চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্স এবং বিচক্ষণ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে বিনিয়োগ ও গ্রাহককেন্দ্রিক নতুন সেবাও রাজস্ব বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কঠোর ঋণ অনুমোদন নীতি এবং নিবিড় তদারকির মাধ্যমে ব্যাংকটি সম্পদের গুণগত মান ধরে রাখতে সক্ষম হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হারও খাতের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির মতে, দীর্ঘদিনের সুশাসন, নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলা এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিং কার্যক্রমই তাদের ধারাবাহিক সাফল্যের মূল ভিত্তি। এসব উদ্যোগের কারণে দেশের আর্থিক খাতে ব্র্যাক ব্যাংক একটি মানদণ্ড প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

